জেল ফেরত রাজপালের হাতে এখন ১২০০ কোটির বিশাল সাম্রাজ্য!
অনলাইন ডেস্ক |
চেক বাউন্স মামলায় কারাবরণ ও নানা বিতর্কের পর রাজকীয় প্রত্যাবর্তনের ঘোষণা দিলেন বলিউডের জনপ্রিয় কৌতুক অভিনেতা রাজপাল যাদব। ১০ কোটি রুপির দেনার দায়ে কিছুদিন আগে তাকে জেল খাটতে হলেও, বর্তমানে তাঁর হাতে রয়েছে প্রায় ১ হাজার ২০০ কোটি রুপির বিশাল সব প্রজেক্ট। শনিবার মুম্বাইয়ে এক সংবাদ সম্মেলনে অভিনেতা নিজেই এই চাঞ্চল্যকর তথ্য জানান।
জামিনে মুক্তির পর সংবাদ সম্মেলনে রাজপালের আইনজীবী ভাস্কর উপাধ্যায় দাবি করেন, এই মামলার অভিযোগকারী শিল্পপতি মাধব গোপাল আগরওয়ালের মূল উদ্দেশ্য টাকা উদ্ধার ছিল না, বরং রাজপালকে জেলে পাঠানোই ছিল তাঁর লক্ষ্য। ২০১০ সালে ‘আতা পাতা লাপাতা’ সিনেমায় ৫ কোটি রুপি বিনিয়োগ করেছিলেন আগরওয়াল, যা চড়া সুদে বর্তমানে ১০ কোটি ৪০ লাখে দাঁড়িয়েছে। আইনজীবীর দাবি, ২০১৮ সালে রাজপাল নিরাপত্তা অর্থ ও সম্পত্তি বন্ধক দেওয়ার প্রস্তাব দিলেও আগরওয়াল তা গ্রহণে অস্বীকৃতি জানান।
সংবাদ সম্মেলনে রাজপাল যাদব তাঁর ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে ব্যাপক আশাবাদ ব্যক্ত করেন। তিনি জানান, বর্তমানে তাঁর হাতে ১০টি সিনেমার প্রজেক্ট রয়েছে, যার সম্মিলিত বাজারমূল্য প্রায় ১ হাজার ২০০ কোটি রুপি। রাজপাল বলেন, “আগামী সাত বছরের জন্য ব্র্যান্ডিং ও বিভিন্ন প্রজেক্ট মিলিয়ে ১ হাজার ২০০ কোটি টাকার কাজ আমার পাইপলাইনে আছে। এর মধ্যে চারটি বড় চুক্তি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে।”
বিপদের দিনে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে পাওয়া সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন অভিনেতা। তিনি জানান, গত ২০ দিনে বিভিন্ন উৎস থেকে তিনি আর্থিক ও মানসিক সহায়তা পেয়েছেন। তবে তিনি স্পষ্ট করে বলেন, “আমি সাহায্যকারীদের সবার টাকা সম্মানসহ ফেরত দেব, কেবল কিছুটা সময়ের প্রয়োজন।” দীর্ঘ আইনি লড়াই ও জেলজীবনের তিক্ততা ভুলে রাজপাল এখন নতুন উদ্যমে রুপালি পর্দায় ফেরার প্রস্তুতি নিচ্ছেন।

