এক ঝাঁক তরুণ অভিনয় শিল্পীর ‘এটা আমাদের প্রেমের গল্প’ আসছে ফিঙেতে
বিনোদন ডেস্ক:
তরুণ নির্মাতা সজিব চিশতি আসন্ন ঈদ উপলক্ষে দর্শকদের জন্য নির্মাণ করেছেন ভিন্নধর্মী একটি নাটক ‘এটা আমাদের প্রেমের গল্প’। এক ঝাঁক তরুণ অভিনয়শিল্পীকে নিয়ে নির্মিত এই নাটকটি প্রচারিত হবে জনপ্রিয় ইউটিউব প্ল্যাটফর্ম ফিঙে চ্যানেলে।
নাটকটি মূলত কয়েকজন তরুণ-তরুণীর প্রেম, আবেগ, মোহ, ভুল বোঝাবুঝি ও ব্যর্থতার গল্পকে কেন্দ্র করে নির্মিত হয়েছে। ভিন্ন ভিন্ন চরিত্রের প্রেমের গল্প একসময় এসে একে অপরের সঙ্গে জড়িয়ে যায়, তৈরি হয় জীবনের নানা বাস্তব অভিজ্ঞতা ও অনুভূতির মিশ্রণ। নির্মাতা জানিয়েছেন, বর্তমান সময়ের তরুণ সমাজের সম্পর্ক, আবেগের টানাপোড়েন এবং সিদ্ধান্তের প্রভাব—এসব বিষয়কে বাস্তবধর্মীভাবে তুলে ধরার চেষ্টা করা হয়েছে নাটকটিতে।
নাটকের একটি জুটিতে অভিনয় করেছেন দীপ্ত স্টার হান্ট প্রতিযোগিতার মাধ্যমে পরিচিতি পাওয়া তরুণ অভিনেতা তুষার খান। তার বিপরীতে দেখা যাবে সময়ের জনপ্রিয় মুখ প্রিয়াংকা প্রিয়াকে। তাদের রসায়ন নাটকটিতে দর্শকদের বিশেষভাবে আকৃষ্ট করবে বলে আশা করছেন নির্মাতা।
আরও একটি গুরুত্বপূর্ণ জুটিতে রয়েছেন আরাফাত আজগার ও মিনা ত্রিশানা। নির্মাতা সজিব চিশতির মতে, এই জুটি নাটকে অত্যন্ত সাবলীল ও প্রাণবন্ত অভিনয় করেছেন। তাদের অভিনয় দর্শকদের হৃদয় ছুঁয়ে যাবে বলেও আশাবাদ ব্যক্ত করেছেন তিনি। এছাড়াও নাটকে আরও একটি জুটিতে অভিনয় করেছেন আদি আফনান ও দ্বীপান্বিতা রয়। নাটকের গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা যাবে অভিনেতা রুদ্র মাহমুদকে, যিনি গল্পের মোড় ঘোরাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
নির্মাতা সজিব চিশতি জানান, ‘এটা আমাদের প্রেমের গল্প’ শুধুমাত্র প্রেমের গল্প নয়; এটি বর্তমান সময়ের তরুণ-তরুণীদের জীবন, অনুভূতি, স্বপ্ন ও সম্পর্কের বাস্তব প্রতিচ্ছবি। প্রেমের পাশাপাশি এখানে রয়েছে ভুল বোঝাবুঝি, ভুল সিদ্ধান্ত এবং সেই সিদ্ধান্তের পরিণতি—যা অনেক সময় মানুষের জীবনের গতিপথ বদলে দেয়।
তিনি আরও বলেন, “আমি সব সময় গল্পকে গুরুত্ব দিয়ে কাজ করার চেষ্টা করি। ভালো গল্প হলে দর্শক অবশ্যই সেটি গ্রহণ করবে। এই নাটকেও আমরা একটি বাস্তবধর্মী ও হৃদয়স্পর্শী গল্প তুলে ধরার চেষ্টা করেছি।”
এর আগে নির্মাতা সজিব চিশতি বেশ কিছু ভালো গল্পভিত্তিক কাজ নির্মাণ করে দর্শকদের প্রশংসা পেয়েছেন। নতুন এই নাটক নিয়েও তিনি আশাবাদী।
আসন্ন ঈদে ফিঙে ইউটিউব চ্যানেলে প্রচারিত হতে যাওয়া নাটক ‘এটা আমাদের প্রেমের গল্প’ দেখতে দর্শকদের আমন্ত্রণ জানিয়েছেন নির্মাতা ও কলাকুশলীরা।

