বাগেরহাট পৌরসভার খাল দখলমুক্ত করে জলাবদ্ধতা নিরসন করা হবে: ব্যারিস্টার জাকির
বাগেরহাট-২ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন বলেছেন, নির্বাচিত হলে বাগেরহাট পৌরসভার দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে পাঁচটি সরকারি খাল দখলমুক্ত করে সংস্কার করা হবে।
বুধবার (০৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বাগেরহাট পৌরসভার বাসাবাটী আমতলা মাঠে আয়োজিত নির্বাচনী জনসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ব্যারিস্টার জাকির হোসেন বলেন, বাগেরহাট পৌর এলাকার জলাবদ্ধতার মূল কারণ হচ্ছে খাল দখল ও অব্যবস্থাপনা। পরিকল্পিতভাবে খালগুলো উদ্ধার ও সংস্কার করা গেলে শহরের জলাবদ্ধতা স্থায়ীভাবে নিরসন সম্ভব হবে। তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় এলে একটি দখলদার, দুর্নীতি, মাদক ও চাঁদাবাজমুক্ত বাগেরহাট গড়ে তোলা হবে।
ওয়ার্ড বিএনপির সভাপতি ডা. ফাইজুল হক মন্টুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রুবেলের সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খাদেম মিয়া মূল নাসির আলাপ, পৌর বিএনপির সভাপতি শেখ শাহেদ আলী রবি, সদর উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ নাসির আহমেদ মালেক, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ইস্কিন্দার হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ ওবায়দুল ইসলাম জুয়েল, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ সুজন মোল্লা ও জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা নারগীস আক্তার ইভা।
এছাড়াও পৌর ও ওয়ার্ড বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা জনসভায় উপস্থিত ছিলেন।
জনসভায় বক্তারা ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, একটি সুন্দর, পরিচ্ছন্ন ও বাসযোগ্য, দখলদার, দুর্নীতি, মাদক ও চাঁদাবাজমুক্ত বাগেরহাট পৌরসভা গড়তে বিএনপি মনোনীত প্রার্থীদের ভোট দিয়ে বিজয়ী করতে হবে।

