ভারতের বিপক্ষে ম্যাচটিই আমাদের ‘প্রথম ফাইনাল’: শেই হোপ
ক্রীড়া প্রতিবেদক |
টানা পাঁচ জয়ের পর দক্ষিণ আফ্রিকার কাছে হার মেনে ছিটকে যাওয়ার শঙ্কায় পড়েছে ওয়েস্ট ইন্ডিজ। সেমিফাইনালের টিকিট নিশ্চিত করতে হলে সুপার এইটের শেষ ম্যাচে ভারতকে হারানোর কোনো বিকল্প নেই ক্যারিবীয়দের সামনে। গুরুত্বপূর্ণ এই লড়াইকে তাই স্রেফ একটি ম্যাচ নয়, বরং ‘প্রথম ফাইনাল’ হিসেবে দেখছেন অধিনায়ক শেই হোপ। তার বিশ্বাস, ভারতকে হারিয়ে সেমিতে পা রাখার পর তারা মূল শিরোপা নির্ধারণী ম্যাচেও খেলবেন।
আহমেদাবাদে বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৭৬ রানের পুঁজি নিয়েও ৯ উইকেটের বড় ব্যবধানে হারে ওয়েস্ট ইন্ডিজ। অন্যদিকে জিম্বাবুয়ের বিপক্ষে ভারতের জয়ে প্রোটিয়াদের সেমিফাইনাল নিশ্চিত হয়ে গেছে। এখন গ্রুপ-১ থেকে শেষ চারের একটি জায়গার জন্য আগামী ১ মার্চ ইডেন গার্ডেন্সে অঘোষিত কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।
হারের পর হোপ বলেন, "সবকিছু সহজে আসবে না, চ্যালেঞ্জ আমাদেরই জয় করতে হবে। ভারতের বিপক্ষে ম্যাচটি আমাদের জন্য প্রথম ফাইনাল। আশা করি এরপর আমরা আরও দুটি ফাইনাল (সেমি ও ফাইনাল) খেলার সুযোগ পাব।"
পাওয়ার প্লেতে দ্রুত উইকেট হারানোকেই পরাজয়ের মূল কারণ হিসেবে দেখছেন হোপ। জেসন হোল্ডার ও রোমারিও শেফার্ডের ৮৯ রানের রেকর্ড জুটিতে লড়াই করার মতো পুঁজি পেলেও হোপের মতে, ভালো উইকেটে আরও ৪০-৫০ রান কম ছিল। এখন দেখার বিষয়, ইডেন গার্ডেন্সে ভারতের শক্তিশালী বাধা পেরিয়ে ক্যারিবীয়রা সেমির স্বপ্ন পূরণ করতে পারে কি না।

