মধ্যপ্রাচ্যে যুদ্ধের জেরে জেদ্দা বিমানবন্দরে আটকে পড়েছেন মুশফিকুর রহিম

স্পোর্টস ডেস্ক |

পবিত্র ওমরাহ পালন শেষে দেশে ফেরার পথে মধ্যপ্রাচ্যের যুদ্ধাবস্থার কারণে সৌদি আরবের জেদ্দা বিমানবন্দরে সপরিবারে আটকে পড়েছেন জাতীয় দলের অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। শনিবার (২৮ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসের মাধ্যমে তিনি এই অনিশ্চয়তার কথা জানান।

মুশফিক জানান, ওমরাহ সম্পন্ন করে আজ সকালে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে (EK-0806) দুবাই হয়ে তাঁর ঢাকা ফেরার কথা ছিল। কিন্তু উড্ডয়নের পর মাঝ আকাশে থাকা অবস্থায় যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে শুরু হওয়া আকস্মিক যুদ্ধের কারণে নিরাপত্তাঝুঁকি তৈরি হয়। ফলে তাঁর বহনকারী বিমানটি দুবাই না গিয়ে পুনরায় জেদ্দা বিমানবন্দরে ফিরে আসে।

বর্তমানে জেদ্দায় হাজার হাজার যাত্রীর সঙ্গে অবস্থান করছেন এই ক্রিকেটার। উদ্বেগ প্রকাশ করে মুশফিক লেখেন, "একমাত্র আল্লাহই জানেন আমরা কখন এবং কীভাবে অন্য বাংলাদেশিদের সঙ্গে নিরাপদভাবে ঢাকা পৌঁছাতে পারব।" উদ্ভূত পরিস্থিতিতে তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

ইরানে ইসরায়েলের হামলা ও পাল্টা উত্তেজনার জেরে মধ্যপ্রাচ্যের আকাশপথ চরম ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এর ফলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সসহ এমিরেটস ও কাতার এয়ারওয়েজের মতো আন্তর্জাতিক সংস্থাগুলো তাদের ফ্লাইট স্থগিত বা রুট পরিবর্তন করেছে। জর্ডান, ইরাক ও লেবানন তাদের আকাশসীমা বন্ধ রাখায় তৈরি হয়েছে এই বৈশ্বিক অচলাবস্থা।

Previous
Previous

জিশান ও মোসাদ্দেকের ব্যাটে নর্থ জোনকে হারিয়ে ফাইনালে সেন্ট্রাল

Next
Next

সেমিফাইনালের কঠিন সমীকরণে শ্রীলঙ্কার মুখোমুখি পাকিস্তান