বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার: জুলাই সনদের বাস্তবায়নে বিএনপির প্রস্তাব

নিজস্ব প্রতিবেদক:


আগামী ১২ মার্চ শুরু হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। এই অধিবেশনেই নির্বাচিত হবেন সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার। তবে এবারের নির্বাচনে সংসদীয় ঐতিহ্যে এক বড় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে বিজয়ী দল বিএনপি। ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’-এর প্রস্তাব অনুযায়ী, গণতন্ত্র সুসংহত করতে বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নিয়োগের প্রস্তাব দিয়েছে দলটি।

সোমবার বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, রাজনৈতিক সমঝোতার দলিল হিসেবে জুলাই সনদের প্রতি সম্মান জানিয়ে তারা এই উদ্যোগ নিয়েছেন। তিনি বলেন, “আমরা প্রধান বিরোধী দলকে মৌখিকভাবে ও সাক্ষাতে প্রস্তাব দিয়েছি যেন তারা ডেপুটি স্পিকারের নাম চূড়ান্ত করে। স্পিকার নির্বাচনের দিনই যেন এই পদের নির্বাচন সম্পন্ন করা যায়, সেই লক্ষ্যেই আমাদের এই অফার।”

বিদ্যমান সংবিধানে সাধারণত সরকারি দল থেকেই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত হন। তবে রাষ্ট্রব্যবস্থা সংস্কারের অংশ হিসেবে বিরোধী দলের অংশগ্রহণ নিশ্চিত করতে এই নতুন প্রথা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

এদিকে বিরোধী শিবিরের সম্ভাব্য প্রার্থীদের নিয়ে রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা চলছে। জামায়াতে ইসলামী সূত্রে জানা গেছে, তাদের চারজন সংসদ সদস্যের নাম আলোচনায় রয়েছে। এর মধ্যে পাবনা-১ আসনের নাজিবুর রহমান মোমেন দৌড়ে সবচেয়ে এগিয়ে আছেন। তালিকায় আরও রয়েছেন ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম (ঢাকা-১৪), ব্যারিস্টার মাহবুব সালেহী (কুড়িগ্রাম-৩) এবং মাসুদ সাঈদী (পিরোজপুর-১)।

অন্যদিকে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকেও ডেপুটি স্পিকার পদ দাবি করা হয়েছে। দলটির পক্ষ থেকে রংপুর-৪ আসনের সংসদ সদস্য ও সদস্যসচিব আখতার হোসেনের নাম প্রস্তাব করা হয়েছে। এ বিষয়ে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদ বলেন, “বিএনপির পক্ষ থেকে অফারটি এসেছে। তবে বিষয়টি নিয়ে এখনো আমাদের দলীয় ফোরামে চূড়ান্ত আলোচনা হয়নি।”

সংশ্লিষ্টরা মনে করছেন, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নিয়োগের এই সিদ্ধান্ত কার্যকর হলে তা দেশের সংসদীয় গণতন্ত্রের ইতিহাসে এক মাইলফলক হিসেবে চিহ্নিত হবে।

Previous
Previous

পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

Next
Next

ভিআইপি প্রটোকল ছাড়াই চলছেন প্রধানমন্ত্রী: গতি বেড়েছে রাজধানীর যানচলাচলে