মেট্রো ও ট্রেনে শিক্ষার্থী-প্রতিবন্ধীদের ভাড়া ২৫ শতাংশ ছাড়ের সিদ্ধান্ত
নিজস্ব প্রতিবেদক
আসন্ন ঈদুল আজহার আগেই মেট্রোরেল এবং আন্তঃনগর ট্রেনে ছাত্র, প্রবীণ ও প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ভাড়ায় ২৫ শতাংশ ছাড়ের ঘোষণা দিয়েছে সরকার। মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই সিদ্ধান্তের কথা জানান সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম।
রেলপথ এবং নৌ-পরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বেও থাকা শেখ রবিউল আলম বলেন, “শিক্ষার্থী, ৬৫ বছর বা তার বেশি বয়সী নাগরিক এবং প্রতিবন্ধী ব্যক্তিরা মেট্রোরেল ও আন্তঃনগর ট্রেনের ভাড়ায় ২৫ শতাংশ ছাড় পাবেন। এই সুবিধা নিশ্চিতভাবেই আগামী ঈদুল আজহার আগে কার্যকর করা হবে।”
মন্ত্রী জানান, ছাড়ের সুবিধা পেতে শিক্ষার্থীদের নিজ নিজ প্রতিষ্ঠানের পরিচয়পত্র (আইডি কার্ড) প্রদর্শন করতে হবে। প্রবীণ নাগরিকরা তাদের জাতীয় পরিচয়পত্র এবং প্রতিবন্ধী ব্যক্তিরা সরকার কর্তৃক ইস্যুকৃত বিশেষ পরিচয়পত্র দেখিয়ে এই সুবিধা গ্রহণ করতে পারবেন। টিকিট বিক্রির অনলাইন সিস্টেমেও এই ছাড়ের জন্য প্রয়োজনীয় অপশন যুক্ত করা হবে বলে তিনি নিশ্চিত করেন।
ঈদের প্রস্তুতি প্রসঙ্গে মন্ত্রী বলেন, ঈদযাত্রায় শিডিউল বিপর্যয় রোধে ৮৫ থেকে ৮৬টি লোকোমোটিভ সচল রাখার চেষ্টা চলছে। এছাড়া মহাসড়কে যানজট নিরসনে মোবাইল টিম, হাইওয়ে পুলিশ এবং সশস্ত্র বাহিনী কাজ করবে। রাস্তার পাশে অস্থায়ী বাজার বা অবৈধ পার্কিং কোনোভাবেই বরদাস্ত করা হবে না।
পরিবহন ভাড়া নিয়ে মন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেন, বাস ও লঞ্চ মালিকদের সঙ্গে বৈঠক হয়েছে। তারা অতিরিক্ত ভাড়া না নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। যাত্রী নামিয়ে খালি বাস ফেরার সময় টোল মওকুফের যে দাবি মালিকরা করেছেন, তা বর্তমানে সরকারের বিবেচনাধীন রয়েছে। রেলের সেবার মান উন্নয়ন এবং গতি বৃদ্ধির লক্ষ্যে চলমান প্রকল্পগুলো দ্রুত শেষ করার পাশাপাশি নতুন জনবান্ধব প্রকল্প গ্রহণের আশাবাদও ব্যক্ত করেন তিনি।

