সৌদি আরব ছাড়লেন ক্রিশ্চিয়ানো রোনালদো

স্পোর্টস ডেস্ক

মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির আঁচ এবার সরাসরি পড়ল বিশ্ব ফুটবলের মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর ওপর। মঙ্গলবার (৩ মার্চ) ভোরে সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাসে ড্রোন হামলার ঘটনার পর নিরাপত্তাজনিত কারণে পরিবারসহ সৌদি আরব ছেড়েছেন এই আল নাসর ফরোয়ার্ড।

সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে, মঙ্গলবার ভোরে রিয়াদের মার্কিন দূতাবাস প্রাঙ্গণে দুটি ড্রোন আঘাত হানে। এতে দূতাবাসের ভবনে আগুন ধরে যায় এবং কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়। যদিও বড় ধরনের হতাহতের খবর পাওয়া যায়নি, তবে এই হামলার পরপরই চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। উদ্ভূত পরিস্থিতিতে রোনালদো কোনো ঝুঁকি না নিয়ে তার বান্ধবী জর্জিনা রদ্রিগেজ ও পাঁচ সন্তানকে নিয়ে ব্যক্তিগত বিমানে করে সৌদি আরব ত্যাগ করেন।

মধ্যপ্রাচ্যে ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান পাল্টাপাল্টি হামলার প্রভাবে পুরো অঞ্চল এখন যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। এই অস্থিরতার সরাসরি প্রভাব পড়েছে এশিয়ার ফুটবল অঙ্গনেও। পরিস্থিতি বিবেচনা করে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) বড় ধরনের সিদ্ধান্ত গ্রহণ করেছে। সংস্থাটি জানিয়েছে, এএফসি চ্যাম্পিয়নস লিগের ওয়েস্ট জোনের রাউন্ড অব ১৬-এর ম্যাচগুলো অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। এছাড়া এএফসি চ্যাম্পিয়নস লিগ ২ এবং এএফসি চ্যালেঞ্জ লিগের কোয়ার্টার ফাইনাল ম্যাচগুলোও পিছিয়ে দেওয়া হয়েছে।

রোনালদোর ক্লাব আল নাসরের এএফসি চ্যাম্পিয়নস লিগ ২-এর ম্যাচ খেলার কথা থাকলেও বর্তমান পরিস্থিতিতে তা অনিশ্চয়তার মুখে পড়েছে। বিশ্বজুড়ে ভক্তদের মধ্যে রোনালদোর নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। ক্রীড়া বিশ্লেষকরা মনে করছেন, যুদ্ধের এই দামামা চলতে থাকলে মধ্যপ্রাচ্যে চলমান বড় বড় স্পোর্টস প্রজেক্টগুলো দীর্ঘমেয়াদী ক্ষতির মুখে পড়তে পারে। নতুন সূচি ঘোষণা না হওয়া পর্যন্ত এশিয়ার শীর্ষ পর্যায়ের ফুটবল টুর্নামেন্টগুলো স্থগিতই থাকছে।

Next
Next

ভারতের বিপক্ষে সেমিফাইনালে ভয়হীন ক্রিকেট খেলবে ইংল্যান্ড: স্যাম কারান