এসএসসি পরীক্ষায় নকলমুক্ত পরিবেশ নিশ্চিতে শিক্ষামন্ত্রী মিলন দিলেন কঠোর নির্দেশ
নিজস্ব প্রতিবেদক
আসন্ন এসএসসি ও সমমান পরীক্ষা-২০২৬ সুষ্ঠু, স্বচ্ছ এবং সম্পূর্ণ নকলমুক্ত পরিবেশে আয়োজনের লক্ষ্যে সংশ্লিষ্টদের কঠোর নির্দেশ দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। মঙ্গলবার (৩ মার্চ) সকালে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে দেশের সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এই নির্দেশনা দেন।
সভায় মন্ত্রী সাফ জানিয়ে দেন, মেধাভিত্তিক জাতি গঠনে পরীক্ষার পদ্ধতিতে আমূল পরিবর্তন আনা হবে এবং ‘অটোপাস’-এর আর কোনো সুযোগ থাকবে না। পরীক্ষায় যেকোনো ধরনের অনিয়ম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করে তিনি বলেন, ডিজিটাল ডিভাইসের মাধ্যমে নকল প্রতিরোধে দ্রুত প্রয়োজনীয় আইন প্রণয়ন করা হবে। এমনকি পরীক্ষা কেন্দ্রে প্রবেশের সময় পরীক্ষার্থীদের যথাযথ ‘বডি সার্চ’ নিশ্চিত করার নির্দেশ দিয়ে তিনি হুঁশিয়ারি দেন যে, কেন্দ্রের টয়লেটেও যদি নকল পাওয়া যায়, তবে সংশ্লিষ্ট কেন্দ্র কর্তৃপক্ষকে এর দায় নিতে হবে।
শিক্ষামন্ত্রী আরও জানান, পরীক্ষার্থীদের প্রকৃত মেধা যাচাইয়ের স্বার্থে ব্যবহারিক পরীক্ষায় গড় নম্বর দেওয়ার প্রচলিত প্রথা বন্ধ করতে হবে। প্রকৃত মূল্যায়নের মাধ্যমেই শিক্ষার্থীদের ফলাফল নির্ধারিত হতে হবে। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্নপত্র সংক্রান্ত কোনো গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। নকলের বিরুদ্ধে জনসচেতনতা গড়তে দেশব্যাপী জেলা পর্যায়ে ‘মোটিভেশনাল মিটিং’ আয়োজন করা হবে।
দেশের শিক্ষা কাঠামো শক্তিশালী করার পরিকল্পনার কথা উল্লেখ করে মন্ত্রী জানান, যেসব জেলায় বর্তমানে ‘জিলা স্কুল’ নেই, সেখানে নতুন করে জিলা স্কুল প্রতিষ্ঠা করা হবে। এই স্কুলগুলো প্রথম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পরিচালিত হবে। সভায় মন্ত্রী এসএসসি পরীক্ষার সার্বিক প্রস্তুতি পর্যালোচনা করেন এবং ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোর তালিকা পুনরায় তদন্ত করে হালনাগাদ করার নির্দেশ দেন।
মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। সভায় বিভিন্ন শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা পরীক্ষা আয়োজনের বর্তমান অগ্রগতি ও প্রস্তুতি তুলে ধরেন।

