মিরপুর চিড়িয়াখানাকে আন্তর্জাতিক মানের করার ঘোষণা প্রতিমন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক |
ঢাকার মিরপুরে অবস্থিত বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ, কৃষি এবং খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। আজ রোববার দুপুরে জাতীয় চিড়িয়াখানার গবেষণা, শিক্ষা ও জরিপ কেন্দ্রে কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, "আমরা এই চিড়িয়াখানাকে আরও সুসংগঠিতভাবে পরিচালনা করতে চাই। এটি একটি অত্যন্ত সম্ভাবনাময় খাত। সঠিক পরিকল্পনা নিয়ে এগোলে চিড়িয়াখানাকে একটি লাভজনক এবং দর্শনার্থীবান্ধব প্রতিষ্ঠানে পরিণত করা সম্ভব।" তিনি আরও যোগ করেন, "আমরা রাষ্ট্র পরিচালনা করতে চাই সেবক হিসেবে, শাসক হিসেবে নয়। জনগণ যে বিশ্বাস নিয়ে আমাদের নির্বাচিত করেছে, সেই আমানত রক্ষা করাই আমাদের লক্ষ্য।"
চিড়িয়াখানা পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় তিনি এই প্রতিষ্ঠানটির আধুনিকায়নে সরেজমিনে পরিদর্শনে এসেছেন। তিনি আক্ষেপ করে বলেন, ঢাকা শহরে পর্যাপ্ত বিনোদন কেন্দ্রের অভাব রয়েছে। মানুষ ছুটি পেলেই বিদেশে বা দেশের বাইরে চলে যায়। তাই দেশেই বিশ্বমানের বিনোদনের সুযোগ তৈরি করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রী চিড়িয়াখানার প্রায় সাত একর জমি অবৈধভাবে দখল হয়ে যাওয়ার তথ্য পান। তিনি দ্রুততম সময়ের মধ্যে দখল হওয়া জমির বিস্তারিত তথ্য ও প্রয়োজনীয় নথিপত্র মন্ত্রণালয়ে পাঠানোর জন্য কর্মকর্তাদের নির্দেশ দেন। তিনি সাফ জানিয়ে দেন যে, বেদখল হওয়া জমি উদ্ধারে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ড. মো. বয়জার রহমান। চিড়িয়াখানার পরিচালক ড. মোহাম্মদ রফিকুল ইসলাম তালুকদার চিড়িয়াখানার বর্তমান চ্যালেঞ্জ ও সম্ভাবনাগুলো তুলে ধরেন। এসময় কিউরেটর ড. মো. আতিকুর রহমানসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। চিড়িয়াখানাকে আন্তর্জাতিক মানে রূপান্তরের প্রস্তাবিত পরিকল্পনার ওপর একটি ভিডিও ডকুমেন্টারিও প্রদর্শন করা হয়।

