ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আরব আমিরাত ও কুয়েতে বাংলাদেশীসহ হতাহত ৪

অনলাইন ডেস্ক |

ইরানের ওপর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের আকস্মিক হামলার পর পাল্টা আঘাত হিসেবে উপসাগরীয় দেশগুলোতে থাকা মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে তেহরান। শনিবারের এই হামলায় বাংলাদেশীসহ মোট নিহত ৪। এর মধ্যে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে তিনজন এবং কুয়েতে একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। সব মিলিয়ে দুই দেশে আহত হয়েছেন অন্তত ৯০ জন।

সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ইরান থেকে ছোড়া ১৬৫টি ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়েছে, যার মধ্যে ১৫২টি সফলভাবে ধ্বংস করা হয়েছে। এছাড়া ৫৪১টি ড্রোনের মধ্যে ৫০৬টিকে প্রতিহত করতে সক্ষম হয়েছে আমিরাতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। তবে এই হামলার কবলে পড়ে আবুধাবিতে তিনজন প্রাণ হারিয়েছেন। নিহতরা পাকিস্তান, নেপাল ও বাংলাদেশের নাগরিক বলে নিশ্চিত করা হয়েছে। হামলায় আরও ৫৮ জন আহত হয়েছেন, যাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এদিকে, কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, উদ্ভূত পরিস্থিতিতে দেশে একজন নিহত ও ৩২ জন আহত হয়েছেন। আহতদের দ্রুত আল-আদান হাসপাতালে ভর্তি করা হয়েছে। কুয়েত সরকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং দেশজুড়ে উচ্চ সতর্কবার্তা জারি করা হয়েছে।

শনিবার ভোরে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র কর্তৃক ইরানে ‘অপারেশন এপিক ফিউরি’ শুরুর পর থেকেই মধ্যপ্রাচ্যের পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। ইরান ঘোষণা করেছিল যে, তারা তাদের ভূখণ্ডে হামলার প্রতিশোধ নিতে পার্শ্ববর্তী দেশগুলোতে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করবে। এই পাল্টাপাল্টি হামলার ফলে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং মধ্যপ্রাচ্যের আকাশপথ প্রায় বন্ধ হয়ে গেছে।

মধ্যপ্রাচ্যের নিরাপত্তা বিশ্লেষকরা মনে করছেন, যুদ্ধের এই বিস্তার পুরো বিশ্বের জ্বালানি বাজার ও স্থিতিশীলতাকে হুমকির মুখে ঠেলে দিয়েছে। বিশেষ করে আরব আমিরাত ও কুয়েতের মতো দেশে প্রবাসী শ্রমিকদের মৃত্যু এই উত্তেজনাকে আরও জটিল করে তুলল।

সূত্র : আলজাজিরা

Previous
Previous

পাকিস্তানে মার্কিন দূতাবাসে বিক্ষোভ, সংঘর্ষে নিহত ৯

Next
Next

মিরপুর চিড়িয়াখানাকে আন্তর্জাতিক মানের করার ঘোষণা প্রতিমন্ত্রীর