স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ, বিভিন্ন দ্বিপাক্ষিক ইস্যুতে আলোচনা

নিজস্ব প্রতিবেদক |

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। আজ রোববার দুপুরে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রীর নিজস্ব কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে দুই দেশের নিরাপত্তা ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বিশেষ করে আধুনিক প্রযুক্তিনির্ভর ‘সেফ সিটি’ বাস্তবায়ন এবং ডাটাবেজ রেজিস্ট্রেশন বিষয়ে একে অপরকে সহযোগিতার বিষয়ে উভয় পক্ষ আগ্রহ প্রকাশ করেছে। এছাড়া সন্ত্রাসবাদ দমন এবং দুই দেশের পুলিশ একাডেমির মধ্যে প্রশিক্ষণ ও দক্ষতা বিনিময়ের লক্ষ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরের বিষয়েও আলোচনা হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বৈঠকে বন্দি বা অপরাধী বিনিময় এবং বর্তমান সময়ের গুরুত্বপূর্ণ প্রযুক্তি ‘ড্রোন’ খাতে পারস্পরিক সহযোগিতার বিষয়টি গুরুত্ব পেয়েছে। আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি এবং দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও সুদৃঢ় করার বিষয়ে উভয় দেশের প্রতিনিধিরা ইতিবাচক মনোভাব ব্যক্ত করেন।

বৈঠকের শুরুতে স্বরাষ্ট্রমন্ত্রী হাইকমিশনারকে স্বাগত জানান। হাইকমিশনার ইমরান হায়দার নবনিযুক্ত স্বরাষ্ট্রমন্ত্রীকে অভিনন্দন জানান এবং বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

Previous
Previous

মধ্যপ্রাচ্যে প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার

Next
Next

‘সংঘাত আমরা শুরু করিনি, তবে আমরাই শেষ করব’: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী