ভালুকায় দিপু দাস হত্যা মামলায় আরও এক আসামি গ্রেপ্তার
নিজস্ব প্রতিনিধি:
ময়মনসিংহের ভালুকা উপজেলা এলাকায় পোশাক শ্রমিক দিপু চন্দ্র দাস হত্যা মামলায় আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারকৃত ব্যক্তি লাশের ওপর নির্যাতন চালানোসহ সহিংসতা উসকে দেওয়ার ঘটনায় সক্রিয় ভূমিকা রেখেছেন বলে জানিয়েছে পুলিশ।
শনিবার রাত প্রায় ৮টার দিকে উপজেলার জামিরদিয়া ডুবালিয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবদুল্লাহ আল মামুন।
গ্রেপ্তার হওয়া ব্যক্তি মো. সোহেল রানা (৩৪)। তিনি গোপালপুর থানা এলাকার মহাইল গ্রামের তোরাব আলীর ছেলে।
পুলিশ জানায়, প্রাথমিক তদন্ত এবং গ্রেপ্তার হওয়া অন্য আসামিদের জবানবন্দি অনুযায়ী ঘটনার দিন দিপু চন্দ্র দাসকে কারখানার ফ্লোর থেকে গার্ডরুমে নেওয়ার সময় সরাসরি মারধরে অংশ নেন সোহেল রানা। এছাড়া তিনি উসকানিমূলক স্লোগান দিয়ে উপস্থিত লোকজনকে উত্তেজিত করেন এবং দিপুর লাশের ওপর নির্যাতনে সক্রিয়ভাবে অংশ নেন বলে অভিযোগ রয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার জানান, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় সোহেল রানাকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে গ্রেপ্তার হওয়া তিন আসামি আদালতে দেওয়া ১৬৪ ধারার স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে তার নাম উল্লেখ করেন।
এই মামলায় এখন পর্যন্ত মোট ২৬ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে ১২ জন আদালতে নিজেদের দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
উল্লেখ্য, ধর্ম অবমাননার অভিযোগ তুলে গত ১৮ ডিসেম্বর দিপু চন্দ্র দাসকে হত্যার পর তার লাশ রশি দিয়ে বেঁধে গাছে ঝুলিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। পরে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়।
ঘটনার পরদিন দিপুর ছোট ভাই অপু চন্দ্র দাস বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ১৫০ জনকে আসামি করে ভালুকা থানা-এ একটি হত্যা মামলা দায়ের করেন।

