ভূমিকম্প মোকাবিলায় ১ লাখ স্বেচ্ছাসেবী তৈরির নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের

নিজস্ব প্রতিবেদক |

গত কয়েক মাসে দেশে আশঙ্কাজনক হারে ভূমিকম্পের প্রবণতা বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশেষ করে সদ্যবিদায়ী ফেব্রুয়ারি মাসেই দেশের বিভিন্ন প্রান্তে ১০টি ভূমিকম্প আঘাত হানার প্রেক্ষিতে জরুরি পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন তিনি। আজ রোববার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এই তথ্য জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব (দুলু)।

মন্ত্রী জানান, ভূমিকম্পের ক্ষয়ক্ষতি ও ভয়াবহতা মোকাবিলায় ঢাকা মহানগরীতে দ্রুত ১ লাখ প্রশিক্ষিত স্বেচ্ছাসেবী প্রস্তুত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এছাড়া ভূমিকম্প পরবর্তী জরুরি আশ্রয়ের জন্য শহরের খেলার মাঠ এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আগেভাগেই চিহ্নিত করার ওপর জোর দিয়েছেন তিনি।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আরও বলেন, "প্রধানমন্ত্রী ভূমিকম্পের সময় ও পরবর্তী করণীয় নিয়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক জনসচেতনতা তৈরির নির্দেশ দিয়েছেন। বর্তমানে একটি সমন্বিত প্রাথমিক পরিকল্পনা প্রস্তুত করা হচ্ছে।" এই সামগ্রিক প্রস্তুতির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আগামী ১১ মার্চ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে। সরকার আশা করছে, স্বেচ্ছাসেবীদের প্রশিক্ষণ ও জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে বড় ধরনের দুর্যোগের ঝুঁকি কমানো সম্ভব হবে।

Previous
Previous

ইরান বিরোধী অভিযানে সক্রিয় ব্রিটিশ বাহিনী, ঘোষণা প্রধানমন্ত্রী স্টারমারের

Next
Next

ভারতের সঙ্গে সম্পর্কের ভিত্তি হবে জনগণ, রাজনৈতিক দল নয়: স্বরাষ্ট্রমন্ত্রী