ভারতের সঙ্গে সম্পর্কের ভিত্তি হবে জনগণ, রাজনৈতিক দল নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক |
বাংলাদেশ ও ভারতের দ্বিপাক্ষিক সম্পর্কের ভিত্তি কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল নয়, বরং দুই দেশের জনগণের পারস্পরিক যোগাযোগই হবে মূল ভিত্তি। আজ রবিবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিজ দপ্তরে ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মার সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এই মন্তব্য করেন।
নবনির্বাচিত সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই ছিল ভারতীয় হাইকমিশনারের সঙ্গে তার প্রথম আনুষ্ঠানিক বৈঠক। বৈঠকে মন্ত্রী বলেন, "আমরা অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে পারস্পরিক সম্পর্ককে সামনে এগিয়ে নিতে চাই, পেছনে নয়। আমাদের অভিন্ন সংস্কৃতি ও ইতিহাস রয়েছে। দুই দেশের পারস্পরিক নির্ভরতাকে দুর্বলতা নয়, বরং শক্তি হিসেবে দেখতে চাই।"
বৈঠকে অত্যন্ত গুরুত্বের সাথে আলোচিত হয়েছে সীমান্ত হত্যা ইস্যুটি। স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্তে হত্যাকাণ্ডের সংখ্যা দ্রুত শূন্যে নামিয়ে আনার জন্য হাইকমিশনারকে অনুরোধ করেন। এর জবাবে প্রণয় ভার্মা দুই দেশের সীমান্ত রক্ষীবাহিনীর মধ্যে সমন্বয় বৃদ্ধির আশ্বাস দেন। এছাড়া ভারতীয় ভিসা সেন্টারগুলোর নিরাপত্তা এবং ভিসা প্রদানের হার বৃদ্ধির বিষয়েও বিস্তারিত আলোচনা হয়।
হাইকমিশনার জানান, গত দেড় বছর ধরে নিরাপত্তাজনিত কারণে ভিসা প্রদান কার্যক্রম ব্যাহত হয়েছিল। তবে বর্তমানে রাজনৈতিক সরকার প্রতিষ্ঠিত হওয়ায় এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হওয়ায় পর্যায়ক্রমে সব ভিসা সেন্টার খুলে দেওয়া হবে। স্বরাষ্ট্রমন্ত্রী ভারতীয় স্থাপনা ও ভিসা সেন্টারে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে হাইকমিশনারকে আশ্বস্ত করেন।
আলোচনায় আরও উঠে আসে সাইবার অপরাধ দমন এবং কারিগরি সহযোগিতার বিষয়টি। ভারতীয় ভিসার অনলাইন পোর্টাল হ্যাক করার চেষ্টার অভিযোগের প্রেক্ষিতে মন্ত্রী ডিএমপির সাইবার ক্রাইম ইউনিট ও সিটিটিসি-কে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। এছাড়া ভারতের আইটিইসি (ITEC) প্রোগ্রামের আওতায় বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উন্নত প্রশিক্ষণের বিষয়েও উভয় পক্ষ একমত পোষণ করেন।
বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কর্তৃক বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানানোর জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। বৈঠকে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

