গণমাধ্যমের স্বাধীনতা ও আধুনিক কাঠামো নিশ্চিত করা হবে: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক |

জনগণের কাছে অবাধ তথ্যপ্রবাহ নিশ্চিত করতে দেশের সামগ্রিক গণমাধ্যম ব্যবস্থাপনাকে একটি আধুনিক কাঠামোর আওতায় আনার ঘোষণা দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। আজ শুক্রবার সকালে বরিশাল সার্কিট হাউসে জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় এবং বিআরটিএ-এর চেক বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, "বর্তমান বিশ্ব প্রযুক্তিনির্ভর ইকোসিস্টেমে পরিচালিত হলেও আমাদের তথ্য মন্ত্রণালয় যখন প্রতিষ্ঠিত হয়েছিল, তখন এই প্রযুক্তিভিত্তিক গণমাধ্যমের অস্তিত্ব ছিল না। পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে খাপ খাওয়াতে নীতিমালা ও ব্যবস্থাপনায় যে ঘাটতি রয়েছে, তা ধাপে ধাপে সংস্কার করা হবে।" তিনি আরও নিশ্চিত করেন যে, সাংবাদিকসহ সংশ্লিষ্ট সকল অংশীজনের মতামতের ভিত্তিতেই জবাবদিহিতার পরিধি নির্ধারণ করা হবে, যাতে গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা বজায় থাকে।

বরিশাল আদালতে ভাঙচুর ও বার অ্যাসোসিয়েশনের সভাপতির গ্রেফতার সংক্রান্ত এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, জেলা প্রশাসকের কাছ থেকে বিস্তারিত জেনে তিনি এ বিষয়ে আইন মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলবেন।

এর আগে মন্ত্রী সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৬১ জনের মাঝে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)-এর পক্ষ থেকে মোট ২ কোটি ১৭ লাখ টাকার অনুদানের চেক বিতরণ করেন। অনুষ্ঠানে বরিশালের জেলা প্রশাসক খাইরুল আলম সুমন, পুলিশ সুপার ফারজানা ইসলামসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Previous
Previous

পাক ও আফগানের ‘উন্মুক্ত যুদ্ধ’: আলোচনার সম্ভাবনা নাকচ ইসলামাবাদের

Next
Next

সরকারে ব্যস্ত নেতারা, সাংগঠনিক স্থবিরতায় বিএনপি’র অঙ্গসংগঠন