জীবনের নিরাপত্তা ও সন্ত্রাসীদের বিচারের দাবিতে বাগেরহাটে সংবাদ সম্মেলন

কামরুজ্জামান শিমুল, বাগেরহাট প্রতিনিধি:
জীবনের নিরাপত্তা এবং সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করে বিচারের দাবিতে বাগেরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন সন্ত্রাসী হামলায় আহত মোঃ কুতুব উদ্দিন পাটোয়ারী।

রবিবার (১৫ মার্চ) দুপুরে বাগেরহাট প্রেসক্লাবের হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্যে এসব অভিযোগ তুলে ধরেন। কুতুব উদ্দিন বাগেরহাটের রামপাল উপজেলার হোগলডাঙ্গা এলাকার আনোয়ার হোসেন পাটোয়ারীর ছেলে।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, এলাকায় নির্মাণাধীন একটি রাস্তায় বালু দেওয়ার কাজ নিয়ে স্থানীয় মাহফুজসহ ১২–১৩ জন ব্যক্তি তার কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। তারা জানিয়ে দেয়, চাঁদা না দিলে ওই রাস্তায় বালু দেওয়া যাবে না। তিনি দাবি করেন, অভিযুক্তদের বিরুদ্ধে আগে থেকেই একাধিক মামলা রয়েছে এবং তারা দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত।

কুতুব উদ্দিন আরও অভিযোগ করেন, টাকা দিতে অস্বীকৃতি জানালে গত ৮ মার্চ বিকেলে ফয়লা বাজারের বেইলি ব্রিজের নিচে মাহফুজ ও তার সহযোগীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। এ সময় তার চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। তবে পালানোর আগে তারা মামলা করলে প্রাণনাশের হুমকি দেয় বলেও তিনি জানান।

হামলায় আহত হয়ে স্থানীয় চিকিৎসকের পরামর্শে তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন। পরে পরিবারের সদস্যরা রামপাল থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা না নিয়ে উল্টো তাদের বিরুদ্ধেই একটি চাঁদাবাজির মামলা গ্রহণ করে বলে অভিযোগ করেন তিনি।

তিনি জানান, গত ৯ মার্চ থেকে ১২ মার্চ পর্যন্ত চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে কিছুটা সুস্থ হয়ে সাক্ষী ও স্বজনদের সঙ্গে নিয়ে আবারও থানায় মামলা করতে গেলে আসামিপক্ষের প্রভাবের কারণে থানা কর্তৃপক্ষ মামলা গ্রহণ না করে আদালতে মামলা করার পরামর্শ দেয়।

সংবাদ সম্মেলনে মোহাম্মদ কুতুব উদ্দিন পাটোয়ারী ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্তদের দ্রুত গ্রেফতার এবং আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

Previous
Previous

বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মো: জাকির হোসেন

Next
Next

২৭ রমজানে বাগেরহাটে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন