সামরিক হামলায় ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ নিহত
যুক্তরাষ্ট্র ও ইসরাইরের সামরিক হামলায় ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ নিহত হয়েছেন বলে দাবি করেছে দেশটির সংবাদমাধ্যম আইএলএনএ। প্রতিবেদনে বলা হয়েছে, তেহরানে তার নিজ বাসভবনে চালানো এক বিমান হামলায় ৬৯ বছর বয়সী আহমাদিনেজাদ ও তার দেহরক্ষী প্রাণ হারান। তবে এই খবরের বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক নিশ্চিয়তা পাওয়া যায়নি।
মাহমুদ আহমাদিনেজাদ ২০০৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত ইরানের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। তার শাসনামলের শুরুতে তিনি দেশটির শিয়া ধর্মীয় নেতৃত্ব, কট্টরপন্থি এবং পার্লামেন্টের রক্ষণশীলদের ব্যাপক সমর্থন পেয়েছিলেন।
প্রেসিডেন্ট হিসেবে তার মেয়াদের শেষদিকে আহমাদিনেজাদের নীতিনির্ধারণ নিয়ে নানা প্রশ্ন ওঠে। বিশেষ করে তার গৃহীত পারমাণবিক নীতির কারণে ইরানের ওপর একাধিক আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এর ফলে দেশটি দীর্ঘমেয়াদি অর্থনৈতিক সংকটের মুখে পড়ে।
আন্তর্জাতিক অঙ্গনে আহমাদিনেজাদ পরিচিত ছিলেন তার ইসরাইলবিরোধী কঠোর অবস্থানের জন্য। তার শাসনামলে ইসরাইলের বিরুদ্ধে বারবার সামরিক হুমকির জেরে আন্তর্জাতিক মহলে ইরান অনেকটা বিচ্ছিন্ন হয়ে পড়ে।
সময়ের সঙ্গে সঙ্গে তার একসময়ের সমর্থকরা দূরে সরে যেতে শুরু করেন। মেয়াদের শেষদিকে তিনি নিজের শিবিরের কট্টরপন্থিদের কাছেও এক বিতর্কিত ব্যক্তিত্বে পরিণত হয়েছিলেন।

